/ / ফরাসী প্রেসিডেন্টের গোপন প্রণয় কেলেঙ্কারি ফাঁস

ফরাসী প্রেসিডেন্টের গোপন প্রণয় কেলেঙ্কারি ফাঁস

ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁল্যাদ ৪১ বছর বয়সী এক অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন, একটি ম্যাগাজিন এই খবর ফাঁস করার পর এ নিয়ে এখন তোলপাড় চলছে ফ্রান্সের রাজনীতিতে।
‘ক্লোজার’ নামের এই ম্যাগাজিনটিতে ফরাসী প্রেসিডেন্টের কথিত এই প্রেমের কাহিনি সাত পৃষ্ঠা জুড়ে প্রকাশিত হয়েছে।
প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁল্যাদ পত্রিকাটির বিরুদ্ধে তার ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর অভিযোগ এনে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন, তবে যে প্রেমের কাহিনি তারা ছেপেছে, সেটি তিনি অস্বীকার করেননি।
প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁল্যাদ গোপনে এক অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন, এমন গুজব বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল।
এখন ফরাসী সাময়িকীটি দাবি করছে তাদের কাছে এর পক্ষে তথ্য প্রমাণ আছে।
ক্লোজার ম্যাগাজিনের পুরনো সংখ্যা
অভিনেত্রী জুলি গায়ের সাথে এই কথিত প্রেমের সচিত্র বিবরণ তারা ফলাও করে প্রকাশ করেছে।
ফরাসী প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিজে প্রাসাদের কাছেই একটি অ্যাপার্টমেন্টে তারা একত্রে সময় কাটাতেন এমন দাবির সপক্ষে ছবিও তারা ছেপেছেন।
প্রেসিডেন্ট ওঁল্যাদ একটি মোটর সাইকেলের পেছনে বসে মাথায় হেলমেট পরে সেখানে এসে পৌঁছাচ্ছেন এরকম একটি ছবি রয়েছে।
আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, প্রেসিডেন্টের দেহরক্ষী পরের দিন সকালে সেখানে সকালের নাশতা নিয়ে হাজির হচ্ছেন।
প্রেসিডেন্ট ওঁল্যাদ এই রিপোর্টের প্রতিবাদ জানিয়েছেন ব্যক্তিগতভাবে জারি করা এক বিবৃতিতে।
ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁল্যাদ
তিনি বলেছেন, পত্রিকাটি যেভাবে তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন করেছে, তাতে তিনি ক্ষুব্ধ।
এর বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন।
তবে পত্রিকায় প্রকাশিত খবরের কোন বিষয় তিনি অস্বীকার করেননি এই বিবৃতিতে।
প্রেসিডেন্ট ওঁল্যাদের পূর্বতন প্রেমিকা ছিলেন সোশ্যালিস্ট দলেরই সাবেক নেতা সেগোলেন রয়্যাল।
তবে এখন তিনি থাকেন সাংবাদিক ভ্যালেরি ট্রিয়েরওয়েইলারের সঙ্গে।

Source : www.bbc.co.uk/bengali

about author

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post

No comments:

Post a Comment